EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রামপালে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প, উৎপাদনক্ষমতা ৪৪২ মেগাওয়াট

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

রামপালে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প, উৎপাদনক্ষমতা ৪৪২ মেগাওয়াট

ছবি: সংগৃহীত

অ অ

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

শুক্রবার (২৩ অক্টোবর) মোংলায় নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের দাবিতে আয়োজিত এক সমাবেশে এসব কথা তুলে ধরেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

ধারা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব জ্বালানির দিকে অগ্রসর হওয়া প্রয়োজন।

সমাবেশে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে দেশের মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের নির্দেশনার বিষয়টিও তুলে ধরা হয়।

বক্তব্যে শরীফ জামিল রামপালে সৌরবিদ্যুৎ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পাওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তবে তিনি রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার পাশাপাশি আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও পাইপলাইন প্রকল্প বাতিলের দাবি জানান।

সমাবেশে পরিবেশ ও নদী রক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন। পরে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আরও পড়ুন