EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সেখানে অবস্থানরত তিন শতাধিক পর্যটক। এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির পার্কিং এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার পরপরই হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে বেরিয়ে আসেন। তবে অগ্নিকাণ্ডে পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, তাঁদের হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরাও নিরাপদে রয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ পর্যটকের মৃত্যু হয়। এর এক সপ্তাহের ব্যবধানে কক্সবাজারের আরেকটি পর্যটন আবাসনে আগুন লাগার ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন