ফরিদপুরে ট্রাকচাপায় মা-ছেলে নিহত, আহত ৬
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ইজিবাইকে থাকা মা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে কানাইপুরের তেতুলতলা এলাকায় ট্রাক, বাস, প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত সুমি বেগমের স্বামীসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তার সাত বছর বয়সী ছেলে শাওন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে বালুবোঝাই একটি ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকা বিস্ফোরিত হলে সেটি মহাসড়কে উল্টে যায়। পরে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকের নিচে চাপা পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে আটকে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক থেকে তিনজন এবং প্রাইভেটকার থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক সুমি বেগম ও তার ছেলে শাওনকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
