দুই যুগ পর পরিচ্ছন্ন হলো বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম
দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে অবহেলা ও অপরিচ্ছন্নতায় পড়ে থাকা বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরটি পরিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
সকাল ৯টায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
ইউএনও ফরিদা সুলতানা বলেন, পুকুরটি দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এটি পরিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে পুকুরটিকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার পাশাপাশি সেখানে মাছ চাষের পরিকল্পনাও রয়েছে।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনাসহ নানা স্থানে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা পরিষদের পুকুরটি পরিষ্কারের উদ্যোগ নেওয়ায় তিনি ইউএনও ফরিদা সুলতানাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্দেশ্য শুধু ময়লা-আবর্জনা অপসারণ নয়; মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি করাও এর লক্ষ্য। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
