গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম
ছবি: সংগৃহীত
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএলএফ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। এ দাবিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ লেবার ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর। বিশেষ বক্তা ছিলেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য ও সংগঠনটির সাধারণ সম্পাদক সাকিল আখতার চৌধুরী।
সাকিল আখতার চৌধুরী বলেন, ২০২৩ সালে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই মজুরি দিয়ে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান তিনি।
প্রধান বক্তা শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি অনেক কম। এ বৈষম্য দূর করতে সরকার ও কারখানার মালিকদের দ্রুত উদ্যোগ নিতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, শ্রম আইনের ১৩৯(৬) ধারা অনুযায়ী প্রতি তিন বছর পর মজুরি বোর্ড পুনর্গঠনের কথা রয়েছে। সে অনুযায়ী চলতি বছরের মধ্যেই নতুন বোর্ড গঠন ও শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের দাবি জানান তাঁরা।
সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি ও বিএলএফ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আহ্বায়ক মো. সারোয়ার হোসেন।
এতে আরও বক্তব্য দেন জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিনা শেলী, বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেসের সভাপতি শামিমা আক্তার, নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির এবং জনতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মারুফ হোসেন।
সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাব থেকে একটি মিছিল বের হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে।
