EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সারা দেশের সঙ্গে বগুড়াকেও এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী: রুমন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম

সারা দেশের সঙ্গে বগুড়াকেও এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী: রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের সঙ্গে বগুড়াকেও এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, বগুড়ার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ায় এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম।

আতিকুর রহমান রুমন বলেন, ‘তার (প্রধানমন্ত্রীর) মাথায় প্ল্যান আছে, বগুড়ায় কী হবে। আমরা যে প্ল্যান প্ল্যান বলি, সেই প্ল্যান তার আছে।’

বগুড়ার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বগুড়ার যদি সত্যিই উন্নয়ন করতে চাই, তাহলে আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে বগুড়ার উন্নয়নে এগিয়ে যাব।’ 

বগুড়ার সড়ক উন্নয়নের প্রসঙ্গ তুলে রুমন বলেন, তারেক রহমান মাটিডালি থেকে বনানী পর্যন্ত সড়ক ৬০ ফুট প্রশস্ত করার উদ্যোগ নিয়েছিলেন। তখন অনেকে আপত্তি জানিয়েছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, এতে অনেক দোকান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে। সে সময় আরও সহযোগিতা করা হলে সড়কটি ৮০ বা ১০০ ফুট প্রশস্ত করার সুযোগ থাকত বলে মন্তব্য করেন তিনি।

বগুড়ার উন্নয়ন নিয়ে বিগত সময়ের সমালোচনা করে রুমন বলেন, অতীতে এ অঞ্চলের উন্নয়ন নিয়ে ভণ্ডামি হয়েছে। বিএনপি সরকারের সময়ে তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিব্রত করতে বগুড়ায় বিভিন্ন নামে আন্দোলন, সড়ক অবরোধ ও হরতাল করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

গত ১৭ বছরে বগুড়ায় কী উন্নয়ন হয়েছে, সেই প্রশ্ন তুলে রুমন বলেন, এ সময়ে বগুড়ায় বুয়েটের মতো প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বিভাগ বা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তোলা হয়নি। তাঁর মতে, এ সময়ে উন্নয়নের বদলে বগুড়ার অবনতি হয়েছে।

বগুড়ায় আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের প্রসঙ্গ তুলে তিনি আক্ষেপ করে বলেন, প্রয়াত আরাফাত রহমানের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত স্টেডিয়ামটি নির্মাণ করা হলেও পরবর্তী সময়ে সেটিকে অকার্যকর করা হয়।

রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের সঙ্গে বগুড়াকেও এগিয়ে নিতে চান। এ জন্য বগুড়ার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন