অসুস্থ মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন ডা. বিটু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
একই সময়ে মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি মন্ত্রীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. আউয়াল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কুমিল্লার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, শজিমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আহসানুল কবীর ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেনসহ অন্য নেতারা।
গতকাল ২১ অক্টোবর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ড. আব্দুল মঈন খান। পরে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. সাহাব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
হাসপাতালে উপস্থিত নেতারা মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজ নেন। তারা তার দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রীর প্রতি সহমর্মিতা, শুভকামনা ও দ্রুত সুস্থতা প্রত্যাশার বার্তাও পৌঁছে দেওয়া হয়।

এর আগে আজ দুপুরে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপিকে দেখতে যান। এ সময় তিনি তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন।