EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র জানতে কেন্দ্রীয় ডাটাবেজের দাবি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র জানতে কেন্দ্রীয় ডাটাবেজের দাবি

ছবি: সংগৃহীত

অ অ

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা নির্ধারণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সমন্বিত জাতীয় কেন্দ্রীয় ডাটাবেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।

তাঁদের মতে, সরকারি ও বেসরকারি সংস্থার পরিসংখ্যানে বড় পার্থক্য থাকায় দুর্ঘটনার প্রকৃত চিত্র নিরূপণ ও তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সদস্য মো. ইস্তিয়াক ইমন, মিশন গ্রিন বাংলাদেশের সদস্য মো. ইফরাত হোসাইন, স্বেচ্ছাসেবক সমন্বয়কারী মো. আরমান হোসাইন রায়েদ এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির সদস্য নওশীন নাওয়ার আচল সরকারের প্রতি এ আহ্বান জানান। তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি, লাল সবুজ সোসাইটি, মিশন গ্রিন বাংলাদেশ, আমরাই আগামী, ক্লাইমেট কানেক্টস ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৯০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে ৬ হাজার ৭২৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ১১১ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন। একই বছরে অন্য একটি হিসাবে ৭ হাজার ৫৮৪টি দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত ও ১৬ হাজার ৪৭৬ জন আহত হয়েছেন। 

২০২৪ সালে বিআরটিএর হিসাবে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৫ হাজার ৩৮০ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে এ সংখ্যা ৮ হাজার ৫৪৩ এবং রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে ৭ হাজার ২৯৪ জন।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি ২০২৩ অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়েছে।

যুব সংগঠনগুলোর মতে, কেন্দ্রীয় ডাটাবেজে দুর্ঘটনার স্থান, সময়, ধরন, যানবাহন, সড়কের অবস্থা এবং হতাহত ব্যক্তিদের তথ্য সংরক্ষণ করা হলে দুর্ঘটনাপ্রবণ এলাকা ও দুর্ঘটনার কারণ শনাক্ত করা সহজ হবে। এতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।

এ লক্ষ্যে বিআরটিএ, পুলিশ, হাসপাতাল ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য সমন্বয়, দুর্ঘটনার তথ্য নথিভুক্ত করার অভিন্ন মানদণ্ড প্রণয়ন এবং ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রেখে নিয়মিত জাতীয় সড়ক নিরাপত্তা প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ জরুরি। তাই কার্যকর কেন্দ্রীয় ডাটাবেজ প্রতিষ্ঠার মাধ্যমে সমন্বিত ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন