সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম
ছবি: ডেইলি সান
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক কথিত মানব পাচারকারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে বাঁশতলা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. আমির (২২), যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের আবুল হোসেন (৪২) এবং শার্শা উপজেলার বেনাপোল গ্রামের ফাতেমা বেগম (১৮)।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমিরের সঙ্গে একই এলাকার অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোর সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ সময় বিজিবির বিশেষ টহল দল আবুল হোসেন ও ফাতেমা বেগমকে আটক করে। তবে অনিক মিয়া ও আলাউদ্দিন পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক তিনজনকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক আবুল হোসেন ও ফাতেমা বেগমের ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। এ কারণে তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।