EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আবারও বন্ধ সাজেক পর্যটনকেন্দ্র

ডেইলি সান রিপোর্ট, রাঙামাটি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম

আবারও বন্ধ সাজেক পর্যটনকেন্দ্র
অ অ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটকদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বুধবার রাত ৮টার দিকে রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটনকেন্দ্রটি আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে, বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। ওই নির্দেশনায় পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছাড়তে বলা হয়েছিল।

পরে দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। সে অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়।

তবে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও বন্ধ ঘোষণা করা হলো জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র।

আরও পড়ুন