EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেশের জনগণ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্পিকার

ফ্যাসিস্ট সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বাড়ি রয়েছে

ডেইলি সান রিপোর্ট, ভোলা

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম

দেশের জনগণ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্পিকার
অ অ

আওয়ামী লীগকে একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের জনগণ দলটিকে আর কখনো রাজনীতি করতে দেবে না।

বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এসেছিল দেশের সম্পদ লুটপাট করতে। দলটির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে লুটপাটের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বাড়ি রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

নিজ নির্বাচনী এলাকার অতীত পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, ২০০১ সালের নির্বাচনে এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তোফায়েল আহমেদ। তিনি পরাজিত হওয়ার পর শেখ হাসিনা ঢাকা থেকে একজন সন্ত্রাসীকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান বলে অভিযোগ করেন হাফিজ উদ্দিন আহমদ।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে ৫০০ বিঘা জমি এবং ঢাকায় একাধিক বাড়ি করেছিলেন। ৫ আগস্টের পর এসব সম্পদ রেখে তিনি সপরিবারে পালিয়ে যান বলেও দাবি করেন স্পিকার।

তজুমদ্দিনকে পৌরসভা করার আশ্বাস

নির্বাচনী এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর করা হবে। এ ছাড়া বিনোদনের জন্য মেঘনার পাড়ে একটি পার্ক নির্মাণ করা হবে। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও স্পিকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে স্পিকার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন