মানিকগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন, সম্প্রীতির আহ্বান খাদ্যমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, মানিকগঞ্জ
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত
পরিদর্শনকালে মন্ত্রী পূজামণ্ডপগুলোর আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশের পাশাপাশি তিনি প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরের জন্য আর্থিক অনুদান দেন। বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও দাবি তুলে ধরা হলে তিনি পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, “আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি আজ এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।”
তিনি বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই এলাকার বাসিন্দা এবং এ দেশের নাগরিক। তাই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
মন্ত্রী আফরোজা খানম সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী মানিকগঞ্জের নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মন্ত্রীকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় উপস্থিত ব্যক্তিরা পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও মঙ্গল কামনা করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
-6ad768a003504.jpg)