EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে পূজায় অপ্রীতিকর ঘটনার তথ্য নেই: ডিআইজি

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম

সুনামগঞ্জে পূজায় অপ্রীতিকর ঘটনার তথ্য নেই: ডিআইজি
অ অ

সুনামগঞ্জের ৪৪৪টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জানিয়ে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত পূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

সুনামগঞ্জ জেলায় ৪৪৪টি মণ্ডপে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মহা নবমীর পূজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের রামকৃষ্ণ আশ্রম, কেন্দ্রীয় দুর্গাবাড়ি, নতুনপাড়া পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পূজাকে ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। সবাই আনন্দের সঙ্গে বছরের অন্যতম বড় ধর্মীয় উৎসব উদযাপন করছেন।


বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, মন্দিরগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি সিসি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে।

এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন