বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিআইপির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিল এবং এর অবকাঠামোকে ছয় লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। একই সঙ্গে প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, বিআরটি ও মেট্রোরেল (এমআরটি) পরিচালনায় সমন্বিত সংস্থা গঠন এবং পরিবহন পরিকল্পনায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত দৃষ্টিভঙ্গি অনুসরণের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানতে পেরেছে বিআইপি। মঙ্গলবার (২০ অক্টোবর) এক প্রতিবাদবার্তায় সংগঠনটি এ সিদ্ধান্তের সমালোচনা করে একে টেকসই, জ্বালানিসাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক গণপরিবহন ব্যবস্থার জন্য ‘কালো দিন’ হিসেবে আখ্যায়িত করেছে।
প্রতিবাদবার্তায় বিআইপি জানায়, বিআরটি প্রকল্প বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থা বিলুপ্ত করা এবং প্রকল্পের সম্পূর্ণ অবকাঠামোকে তিন প্লাস তিন লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক-পরবর্তী নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়নি বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
বিআইপির দাবি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বার্থের সংঘাতের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তাদের মতে, এ সিদ্ধান্ত ব্যক্তিগত গাড়ির ব্যবহারকারী এবং দেশি-বিদেশি নির্মাণ খাতের স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর অনুকূলে গেছে।
সংগঠনটি আরও বলেছে, বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান (জিটিএমপি) এবং ঢাকার সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (আরএসটিপি) প্রস্তাবনার পরিপন্থী। একই সঙ্গে গত ১৪ বছর ধরে প্রকল্পের নির্মাণকাজের কারণে দুর্ভোগ পোহানো গাজীপুর ও উত্তরার বাসিন্দাদের প্রত্যাশা এবং যাতায়াতের চাহিদার প্রতিও এ সিদ্ধান্ত সুবিচার করে না।
ছয় দফা দাবি বিআইপির
প্রতিবাদবার্তায় বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ছয় দফা দাবি জানিয়েছে বিআইপি।
দাবিগুলোর মধ্যে রয়েছে—বিআরটি ও এমআরটির পরিচালনা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য সমন্বিত সংস্থা গঠন; সমগ্র ঢাকা শহর ও দেশের অন্যান্য মহানগরের জন্য বিআরটি-সংক্রান্ত বৃহত্তর পরিকল্পনা প্রণয়ন; পরিবহন অবকাঠামো বিষয়ে প্রকল্পভিত্তিক সিদ্ধান্তের পরিবর্তে পরিকল্পনাভিত্তিক দৃষ্টিভঙ্গি অনুসরণ।
এ ছাড়া বাস্তবায়নে সময় ও ব্যয় সাশ্রয়ী এবং নারী, স্বল্প দূরত্বের যাত্রী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও সীমিত আর্থিক সামর্থ্যের মানুষের জন্য অধিকতর সুবিধাজনক পরিবহন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহত্তর ঢাকা অঞ্চলের পরিবহন পরিকল্পনাসংক্রান্ত সিদ্ধান্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে (ডিটিসিএ) নেতৃত্বদানকারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা এবং সংস্থাটিকে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণে ন্যস্ত করারও দাবি জানিয়েছে বিআইপি।