দুর্গাপূজার টানা ছুটিতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ এএম
কমলাপুরে গাদাগাদি করে ট্রেনে উঠছেন ঘরমুখো যাত্রীরা। ছবি: তানভীর আহাম্মেদ
দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সোমবার বিকেল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও আরামবাগের বাস কাউন্টারে যাত্রীদের বাড়তি ভিড় দেখা গেছে। পরিবারের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি এবং স্বজনদের সান্নিধ্যে সময় কাটাতেই তাঁরা বাড়ি ফিরছেন।
২০ থেকে ২২ অক্টোবর পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত টানা পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে। এ সুযোগে অনেকেই আগেভাগে ঢাকা ছাড়ছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি দীর্ঘ ছুটি পেয়ে অন্যরাও গ্রামের বাড়ির পথে রওনা দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় সদরঘাটে অন্যান্য দিনের চেয়ে যাত্রীর সংখ্যা ছিল বেশি। বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী লঞ্চের যাত্রীদের মধ্যে ছিল বাড়ি ফেরার তাড়া। বরিশালগামী যাত্রী ভূবন চন্দ্র রায় বলেন, ‘বাড়িতে সবাই অপেক্ষা করছে। পূজার সময় পরিবারের সঙ্গে থাকতে পারব, এটাই সবচেয়ে আনন্দের।’
আরামবাগে কুমিল্লাগামী তিশা প্লাস বাস কাউন্টারেও যাত্রীর চাপ ছিল। কাউন্টারকর্মী জয়নাল জানান, অন্যান্য দিনের তুলনায় সোমবার যাত্রী অনেক বেশি। তবে বাড়তি চাপ থাকলেও আগের ভাড়াই রাখা হচ্ছে। কমলাপুর রেলস্টেশনেও শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে ট্রেন ধরার ব্যস্ততা দেখা গেছে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে যাত্রীর চাপ বাড়তে থাকায় গণপরিবহনে আগাম প্রস্তুতি নিয়ে যাতায়াতের পরামর্শ রয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গাপূজা শুধু আচার-অনুষ্ঠান নয়, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি ও স্বজনদের সঙ্গে মিলনের উপলক্ষও। তাই কর্মসূত্রে রাজধানীতে থাকা অনেকেই সারা বছর এই ছুটির অপেক্ষায় থাকেন।