EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, এটাই গর্ব: এলজিআরডি মন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, এটাই গর্ব: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত

অ অ

ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে বাংলাদেশি পরিচয়ে গর্বিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটির আয়োজনে দুর্গাপূজা পরিদর্শন ও মহাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী শারদ সংকলন ‘সৌহার্দ-১৪৩৩’-এর মোড়ক উন্মোচন করেন।

ড. আবদুল মঈন খান বলেন, দুর্গাপূজা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রভাবে যেন পূজার ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য হারিয়ে না যায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। পূজার আয়োজনের পাশাপাশি সংগীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা আমাদের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে। এসব ঐতিহ্য সংরক্ষণ করা সবার দায়িত্ব। 

মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের যে প্রত্যাশা ব্যক্ত করেছিলেন, সেই সম্প্রীতি ও সৌহার্দ্যের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করে বাংলাদেশকে বিশ্বের বুকে শান্তির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটি-২০২৬-এর সভাপতি বিশ্বজিৎ বৈশ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য শ্রী সমর চন্দ্র পাল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সারোয়ার ভূইয়া।

আরও পড়ুন