পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি, কে কোথায়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম
পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে ১১ কর্মকর্তা বদলি। ছবি: সংগৃহীত
অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হকও একই পদে ডিএমপিতে পদায়ন পেয়েছেন।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকিয়া সুলতানা এখন মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। কিশোরগঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন টাঙ্গাইলে বদলি হয়েছেন। খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে, খুলনার ক-সার্কেলের সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে এবং পঞ্চগড় সদর সার্কেলের মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপারদের মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিম লক্ষ্মীপুরের রামগতি সার্কেলে পদায়ন পেয়েছেন। এসআরবির মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের মীর্জা মো. আব্দুস ছালামকে এপিবিএনে পদায়ন করা হয়েছে। মারেফুল করিমের ডিএমপিতে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
এছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলির ৩ সেপ্টেম্বরের আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তাঁরা স্ট্যান্ড রিলিজড (অবমুক্ত) বলে গণ্য হবেন।