ভেতরে থাকা অসুস্থ নারীর পরবর্তীতে মৃত্যু
মাঝ আকাশে ভারতীয় বিমানের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম
ঢাকায় ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ। ছবি: সংগৃহীত
মাঝ আকাশে বিমানের দরজা খুলে যাওয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পরে বিমানে অসুস্থ নারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বিমানটি ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন।
এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকায় ছিলেন, অঞ্জনা ভৌমিক। তিনি ভারতীয় নাগরিক। তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তালিকায় উল্লেখ রয়েছে তাঁদের সবার জাতীয়তা ভারতীয়।
ঢাকায় বিমানটি জরুরি অবতরণ করলে ওই নারীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ ।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট ৭ জন ছিলেন।
তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল তা নিশ্চিত করা হয়নি। একইসাথে ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।