প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে পাশে থাকার প্রতিশ্রুতি ইতালির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত। ছবি: আইএসপিআর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
রবিবার (১৮ অক্টোবর) প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাব্য ক্ষেত্রগুলো আলোচনায় গুরুত্ব পায়।
এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুই দেশের ভূমিকার প্রশংসা করা হয়। ভবিষ্যতে এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রশিক্ষণের সুযোগ নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।
প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা তুলে ধরে প্রতিরক্ষা শিল্প ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্ব দেন। জবাবে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির অংশীদারিত্ব ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।