পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন এলাকা গড়া সম্ভব: প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর বড় প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রায় দুই মাস আগে আমিনবাজারের যে অবস্থা ছিল, এখন সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এতে এলাকাটি দৃষ্টিনন্দন হয়েছে এবং আশপাশের মানুষ অপেক্ষাকৃত সুন্দর পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের সৌন্দর্য ধরে রাখতে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্ব নিতে হবে। সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা থাকলে পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব।
এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকার জন্য তিনি ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগমসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী ঢাকা জেলা প্রশাসককে আমিনবাজারের আশপাশে ঢাকা জেলার আওতাধীন এলাকায় সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিতে বলেন। এ জন্য মহাসড়কের দুই পাশে থাকা মিল ও কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট কিছু জায়গার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁদের দেওয়া যেতে পারে বলে জানান তিনি।
এ ছাড়া যেসব স্থানে এখনো ময়লা-আবর্জনা জমে রয়েছে, সেসব জায়গার উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পরিকল্পিতভাবে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আমিনবাজার ও আশপাশের এলাকার সৌন্দর্য আরও বাড়বে। একই সঙ্গে পরিবেশদূষণ কমিয়ে স্থানীয় মানুষের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এ কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের প্রতিও আহ্বান জানান তিনি। জেলা প্রশাসনের উদ্যোগের সঙ্গে জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মানুষ যেন নির্মল পরিবেশে বুকভরে শ্বাস নিতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমিনবাজারে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে ঢাকা জেলা প্রশাসক দেশের অন্যান্য জেলার প্রশাসকদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্য জেলার প্রশাসকেরাও নিজ নিজ এলাকার অনুরূপ স্থানগুলো পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

-6ad0b6ba20e28.jpg)