EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় মালিকসহ ২৩ জনকে আসামী করে মামলা

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় মালিকসহ ২৩ জনকে আসামী করে মামলা

রিসোর্টের ২ মালিক ও গ্রেপ্তার ম্যানেজার। ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর পাটুয়ারটেকে ‘টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ, নিয়াজ মোর্শেদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনসহ ৪ জনের নাম উল্লেখ করে ২৩ জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে সুমনকে পুলিশ গ্রেপ্তার করলেও রিসোর্ট মালিক নিয়াজ মোর্শেদ ও তানভীর আহমদের অবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রিসোর্টের রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, ৪ জনের নাম উল্লেখ করে ২৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ওই রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমন গ্রেপ্তার রয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

উখিয়া থানার পুলিশের এক কর্মকর্তা জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে রিসোর্টের মালিক ও চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বাসিন্দা তানভীর আহমদকে। 

এদিকে লাশের পরিচয় শনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে ডিএনএ পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।

তিনি বলেন, ডিএনএ পরীক্ষার আগপর্যন্ত লাশগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে। উদ্ধার হওয়া লাশ, নিখোঁজ ব্যক্তি ও পরিচয় শনাক্তের বিষয়টি নিয়ে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। পরীক্ষার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারে কর্মরত অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।

তিনি সাংবাদিকদের বলেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। 

শনিবার (১৮ অক্টোবর) সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর পাটুয়ারটেকে ‘টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহগুলো পুড়ে অঙ্গার হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

অগ্নিকান্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছে আরও ৬ জন। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন