EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাংবাদিক ফরিদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি সম্পাদক পরিষদের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম

সাংবাদিক ফরিদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি সম্পাদক পরিষদের

ছবি: সংগৃহীত

অ অ

সাংবাদিক লুৎফুজ্জামান ফরিদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি।

বিবৃতিতে সম্পাদক পরিষদ জানায়, গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তাঁর সহকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। হত্যার পেছনে রাজনৈতিক, ব্যক্তিগত বা সাংবাদিকতাসংশ্লিষ্ট কোনো বিরোধ কিংবা পূর্ববর্তী হুমকি ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্তের আহ্বান জানায় সংগঠনটি।


সম্পাদক পরিষদ বলেছে, অপরাধীর রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান বা প্রভাব-প্রতিপত্তি যা-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। কোনো প্রভাবশালী মহলের চাপে তদন্ত বাধাগ্রস্ত হলে বা অপরাধীরা দায়মুক্তি পেলে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হবে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ চেয়ে বিবৃতিতে আরও বলা হয়, ভয় দেখিয়ে, হামলা চালিয়ে কিংবা হত্যা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

আরও পড়ুন