গুজব-উসকানি রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব, উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
শনিবার (১৭ অক্টোবর) গাজীপুরের পূর্ব চান্দরা শ্রীশ্রী কালী ও দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ, দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং পূজারীদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ জোরদার করতে তিনি সেখানে যান।
পরিদর্শনকালে মহাপরিচালক জানান, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে দুই লাখ ১২ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন রয়েছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সারা দেশে ১০৪টি স্ট্রাইকিং টিম কাজ করছে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ‘শারদীয় সুরক্ষা অ্যাপসের’ মাধ্যমে তথ্য প্রদানকারী, পরিস্থিতি পর্যবেক্ষণকারী এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে যুক্ত করা হয়েছে। এর ফলে মাঠপর্যায়ের তথ্য দ্রুত আদান-প্রদান, পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহজ হচ্ছে।
আনসার-ভিডিপির সদস্যরা তৃণমূল থেকে শহরাঞ্চল পর্যন্ত নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে মহাপরিচালক বলেন, যেকোনো সংকট ও প্রয়োজনে সাধারণ মানুষকে পাশে পাবে আনসার-ভিডিপি। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীলতা, সতর্কতা ও সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গুজব ও উসকানি প্রসঙ্গে তিনি বলেন, কোনো গোষ্ঠী যেন অপতৎপরতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ধৈর্য, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করতে হবে। প্রশাসনিক সমন্বয় জোরদার এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সব ধরনের বাধা অতিক্রম করে উৎসবের স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে হবে।
এ সময় বাহিনীর জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়েও কথা বলেন মহাপরিচালক। তিনি কর্মহীন যুবক-যুবতীদের আনসার-ভিডিপির বিভিন্ন দক্ষতাভিত্তিক ও আয়বর্ধক প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
মহাপরিচালক আরও বলেন, ‘সঞ্জীবন প্রকল্পের’ মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ বেকারত্ব হ্রাস, জীবনমান উন্নয়ন এবং টেকসই আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মনে করে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সচেতনতা ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা সম্ভব। জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাহিনীর সদস্য-সদস্যারা দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।