কক্সবাজারে আগুনের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুনের ঘটনায় ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এর আগে শনিবার সকালে টুপটুপ রিসোর্টটিতে ভয়াবহ এই আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণ হারানো ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ৬ জন চিকিৎসাধীন।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় মিলেছে। পরিচয় শনাক্ত হওয়া নিহত এক পরিবারের ৬ সদস্য হলেন, ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।
এ ছাড়া আরও নিহত হয়েছেন ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯)। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যানুযায়ী, নিহত আরও দুই পর্যটকের নাম জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম বলে জানা গেছে তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।