নিহতের সংখ্যা আরও বাড়ার আশংকা
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত-আহতদের পরিচয় প্রকাশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে আগুনের ঘটনায় ১০ জন নিহতের ও আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় মিলেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিহতরা হলেন– রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
এছাড়া আহতদের মধ্যে রয়েছেন– চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। অন্যজন পড়ে গিয়ে আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাহমুদ সোহেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ কারণ জানা যায়নি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট ৯টি কক্ষ ছিল। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনটি কক্ষের পর্যটকরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের কয়েকজন সকালে বাইরে ছিলেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, ঘটনাস্থল থেকে প্রথমে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। নিহত সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চলায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।