EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্গাপূজায় চালু থাকবে তৈরি পোশাক কারখানা, সনাতন ধর্মাবলম্বীরা পাবে ছুটি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম

দুর্গাপূজায় চালু থাকবে তৈরি পোশাক কারখানা, সনাতন ধর্মাবলম্বীরা পাবে ছুটি
অ অ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি থাকলেও রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা পূজার ছুটি পাবেন। তাদের এই ছুটি নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে সমন্বয় করা হবে।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এবং নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নেতারা এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, দুর্গাপূজা উপলক্ষে কারখানাগুলোতে আলাদাভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হবে না।

গত ৭ অক্টোবর দুর্গাপূজার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন ছুটি থাকবে। পরে গত ১২ অক্টোবর বেসরকারি খাতের ছুটি নিয়ে প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে বলা হয়, শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে সাধারণ ছুটির বিষয়ে শ্রম আইন অনুসারে মালিক ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, বছরের শুরুতে ট্রেড ইউনিয়ন অথবা অংশগ্রহণ কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি তৈরি পোশাক কারখানা ১৩ দিনের ছুটির তালিকা চূড়ান্ত করে। এতে দুই ঈদে তিন দিন করে মোট ছয় দিনের ছুটির পাশাপাশি মে দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন উৎসব ও দিবসের ছুটি থাকে। সাধারণত এ তালিকায় দুর্গাপূজার ছুটি অন্তর্ভুক্ত থাকে না। ফলে সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা পূজার ছুটি নিলে তা তাদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে সমন্বয় করা হয়।

এদিকে দুর্গাপূজার ছুটি নিয়ে গত বুধবার সদস্য কারখানাগুলোর জন্য নির্দেশনা দিয়েছে বিজিএমইএ। এতে শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী নির্ধারিত উৎসব ছুটির নিয়ম অনুসরণ করে শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে গত ৮ অক্টোবর বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এ ছুটিকে কিছু গণমাধ্যম তৈরি পোশাক কারখানায় টানা তিন দিনের ছুটি হিসেবে প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়। পরে ২২ অক্টোবরের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান বিজিএমইএর সভাপতি।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিকনেতা বাবুল আক্তার বলেন, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের দুর্গাপূজার ছুটি নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে সমন্বয় করা হলে সেটিকে প্রকৃত অর্থে উৎসবের ছুটি বলা যায় না। তার মতে, উৎসব উপলক্ষে শ্রমিকেরা যে ছুটি পান, তা আলাদা উৎসব ছুটি হিসেবে বিবেচিত হওয়া উচিত।

আরও পড়ুন