উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন ছবি: সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম ও প্রত্যাবাসন সংক্রান্ত বিষয়ের খোঁজ নিতে এ পরিদর্শন করেন তারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বিমান যোগে কক্সবাজার পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে যান। সেখানে সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত কয়েকটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ও বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন।
প্রতিনিধিদলে রয়েছেন- কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, এস কে আজিজুল বারী, সৈয়দ আল নোমান, হুম্মাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম। এসময় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তাদের সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাপন, আশ্রয়শিবিরের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসনের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সাথে মতবিনিময় করেন।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে অবস্থিত আরাকান ও মিয়ানমারের ঐতিহ্য কেন্দ্র ঘুরে দেখেন। পরে সেখান থেকে তারা ৯ নম্বর আশ্রয়শিবিরে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন।
এরপর দুপুরে ৪ নম্বর আশ্রয়শিবিরস্থ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্র পরিদর্শন করেন ও নানা কার্যক্রম ঘুরে দেখেন।
এ ছাড়া ৪ নম্বর আশ্রয়শিবিরের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। এসময় তাঁরা রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, প্রয়োজন ও প্রত্যাশা সম্পর্কে জানার সুযোগ পান।
এদিকে বিকালে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সরকারি প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সন্ধ্যায় বৈঠক শেষে প্রতিনিধি দল কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।