জিএসএফে অংশ নিতে হাইতির পথে সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
হাইতিতে জাতিসংঘের অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের একটি অগ্রবর্তী দল ঢাকা ছেড়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তারা হাইতির উদ্দেশে যাত্রা করেন।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মিশনে যোগ দেওয়ার আগে আজ সকালে সেনাসদরে গমনকারী সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের সদস্য হিসেবে এই ৫০ জন হাইতিতে যাচ্ছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশ নেওয়ার লক্ষ্যে তাদের এ যাত্রা।
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের অংশ হিসেবে এ মোতায়েনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গৌরবময় প্রতিনিধিত্বে পেশাদারত্ব ও সাহসের সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বাহিনীটি।