সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা তৈরির কাজ শেষ না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে...
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম
সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ। ছবি: সংগৃহীত
নতুন বিধিমালা প্রণয়ন ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত করেছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে।
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা তৈরির কাজ শেষ না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলাম পরিপত্রটিতে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, অধ্যাদেশের অধীনে নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত কাজ, সেবা ও পণ্য সরবরাহ–সংক্রান্ত নতুন ও চলমান সব দরপত্র এবং ক্রয় প্রক্রিয়া বন্ধ থাকবে।
রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।