পল্লবীতে অস্ত্রসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ ‘ফোর স্টার’ গ্রুপের আট সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। গত মঙ্গলবার রাতে পল্লবী থানার সিরামিকস ও ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে এসআরবি-৪।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জুয়েল রানা (২৬), মো. সায়মন (২০), মো. রমজান (২২), মো. বিজয় (২৩), মো. ফজলে রাব্বি চিকু (২৩), মো. আফসার হোসেন জিম, মো. জাহাঙ্গীর হোসেন এবং মো. মিশন ইসলাম ওরফে মিনহাজুল ইসলাম।
এসআরবি-৪ জানায়, গ্রেপ্তারকৃতরা স্থানীয় মশিউর-মামুন এবং মোক্তার গ্রুপের সক্রিয় সদস্য। এদের মধ্যে ‘ফোর স্টার’ গ্রুপের উদীয়মান শুটার আফসার হোসেন জিম ও তাঁর প্রধান সহযোগী সায়মনের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া ‘দাদা জাহাঙ্গীর’ নামে পরিচিত মো. জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এসআরবি জানায়, এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী, মিরপুর ও রূপনগর এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি এবং অস্ত্রের মহড়া দিয়ে আসছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সশস্ত্র শোডাউনের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এমনকি এই কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের বাসায় হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটিয়েছে তারা।
গ্রেপ্তারকৃত শুটার জিম মশিউর ও মামুনের পক্ষে এলাকায় হোটেলকক্ষে আটকে ব্ল্যাকমেল ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করতেন। তাঁর সহযোগী সায়মন মূলত জিমের নির্দেশে বিভিন্ন স্থানে অস্ত্র পৌঁছে দেওয়ার পাশাপাশি সরাসরি গুলিবর্ষণের ঘটনায় সামনের সারিতে থাকতেন। অন্যদিকে, জাহাঙ্গীর হোসেন ওরফে দাদা জাহাঙ্গীর ওই এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৪।