আট বিভাগে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করবে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: সংগৃহীত
সাইবার অপরাধ শনাক্ত ও তদন্তের সক্ষমতা বাড়াতে দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করবে সরকার। এ জন্য দক্ষিণ কোরিয়ার কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক বিশ্লেষণের সক্ষমতা বাড়ানো জরুরি। ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও তদন্তে বাহিনীগুলোকে দক্ষ ও প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, সিআইডি প্রতিষ্ঠার পর থেকেই রাসায়নিক পরীক্ষাগারের মাধ্যমে বিভিন্ন নমুনা পরীক্ষা করে বিচারিক কার্যক্রমের জন্য প্রতিবেদন দিয়ে আসছে। তবে বর্তমান পরিস্থিতিতে এসব পরীক্ষাগারের সক্ষমতা ও কার্যক্রমের পরিধি বাড়ানো প্রয়োজন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিচারব্যবস্থায় ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের পাশাপাশি যথাযথ সনদ ও প্রতিবেদন দেওয়া সম্ভব হয়।
তিনি আরও বলেন, সময়ের চাহিদা ও পরিবর্তিত অপরাধের ধরন বিবেচনায় ফরেনসিক পরীক্ষাগার আধুনিক করা হবে। উন্নত যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জাম ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করে অপরাধ শনাক্ত ও তদন্তের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সাইবার পুলিশ ইউনিটের নিজস্ব ল্যাবরেটরি সুবিধা প্রতিষ্ঠার পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়েও ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে।
তিনি বলেন, বর্তমানে সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ ও প্রতারণা হচ্ছে। এমনকি শেয়ারবাজারেও সাইবার প্রযুক্তির মাধ্যমে কারসাজি করা হচ্ছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন। এ ছাড়া অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন ও অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন অনুষ্ঠানে অংশ নেন। সভাপতিত্ব করেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন।

-6ac36360de787.jpg)
