টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জরুরিভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, সাততলা ভবনের চতুর্থ ও দ্বিতীয় তলায় আগুন লাগে। ইনজেকশনসহ জরুরি ওষুধে আগুন লাগায় শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জরুরিভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের মোট ২১টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
আহত ফায়ার সার্ভিসকর্মী সম্পর্কে মহাপরিচালক বলেন, তার শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
কারখানাটির ইউনিট-২-এর সাততলা ভবনে বুধবার সকাল ১০টার দিকে আগুন লাগে। টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে অবস্থিত কারখানাটির চতুর্থ তলায় প্রথমে আগুন দেখা যায়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া ও ঢাকাসহ বিভিন্ন এলাকার ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরাও কাজ করেন।
আগুনের কারণে ঘটনাস্থল ঘিরে প্রায় দুই কিলোমিটার এলাকায় গণপরিবহন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল বলেন, কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। তবে আগুনের তীব্রতার কারণে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নিতে হয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।