৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে তৃতীয় দিনেও সড়কে পোশাকশ্রমিকেরা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আজমপুর ও বিমানবন্দর সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। দীর্ঘ যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককে বাসসহ বিভিন্ন যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবেল হক জানান, বুধবার সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। পরে তাঁরা বিমানবন্দর সড়কের দিকে সরে যান। এতে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। একপর্যায়ে সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে অফিসগামী মানুষ, কর্মজীবী ও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া যাত্রীরা দুর্ভোগে পড়েন।
উত্তরা ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) শাহজাহান হোসেন বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে বিক্ষোভ করছেন।
এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়ে উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একযোগে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ আগে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
