তাঁর জানাজা বুধবার সকালে সংসদের দক্ষিণ প্লাজায়
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সালাউদ্দিন আহমেদ বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।
তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
বাবার মৃত্যুর কথা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তানভীর। পোস্টে তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮:১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।’
বিএনপি জানিয়েছে, সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
বুধবার বেলা ৩টায় শ্যামপুর লাল মসজিদে নামাজের জানাজা শেষে তাকে জুরাইন গোরস্তানে মরহুমের বাবার কবরে দাফন করা হবে।