মস্কোয় গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদল
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত দ্বিতীয় গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬-এ অংশ নিয়েছে বাংলাদেশের ১৯ সদস্যের প্রতিনিধিদল। প্রযুক্তি, শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে এ আয়োজন।
মস্কোর গোর্কি পার্কের ‘মেচতা’ ভেন্যুতে ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হয় ফোরামটি। ‘কমিউনিকেট। কানেক্ট। ক্রিয়েট।’ স্লোগানে আয়োজিত এ ফোরামে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণাসহ ডিজিটাল খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রুশ সরকারের ডিজিটাল উন্নয়ন, যোগাযোগ ও গণমাধ্যম মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ফোরামটির আয়োজন করে ‘ন্যাশনাল প্রায়োরিটিজ’ ও ‘সেন্টার ফর গ্লোবাল আইটি কোঅপারেশন’। এতে ১১১টি দেশের ৭৩০ জন বিশেষজ্ঞসহ ১ হাজার ৩০০ জনের বেশি অতিথি অংশ নেন। তিন দিনে ৬০টির বেশি অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল নিরাপত্তা, স্মার্ট সিটি, ডিজিটাল শিক্ষা ও গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।
ফোরামের ফাঁকে ১৫০টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া অনুষ্ঠিত হয় দুই শতাধিক দ্বিপক্ষীয় বৈঠক। আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যদের বিমান টিকিট, আবাসন ও ভিসার ব্যয়ের ক্ষেত্রে সহায়তা দেওয়া হয়।
ফোরামে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মুখলেসুর রহমান।
ফোরামে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় রুশ সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি, শিক্ষা ও গবেষণায় দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।