EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত
অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক হয়। এতে সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন শিক্ষাবিদ ও সংবিধান বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন এবং মো. মাহমুদুল হক রুবেল অংশ নেন।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শিক্ষক সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সংবিধান বিশেষজ্ঞরা বৈঠকে অংশ নেন। তারা সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সংশোধন এবং জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

আলোচনায় সংবিধান সংশোধনের কার্যকর পদ্ধতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা ও এখতিয়ার, জনগণের সার্বভৌমত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলো উঠে আসে। বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদের উচ্চকক্ষ প্রবর্তন এবং সেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করার পদ্ধতি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। উপস্থিত আলোচকদের অনেকে ইতিমধ্যে তাদের লিখিত মতামত জমা দিয়েছেন। অন্যদেরও আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটির কাছে লিখিত প্রস্তাব জমা দিতে অনুরোধ জানানো হয়।

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা এবং সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। এ প্রক্রিয়ায় অংশ নিতে বিরোধী দলের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।

একই সঙ্গে জাতির প্রত্যাশা ও জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনের কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন