অসদাচরণের পর অধ্যক্ষের পা ধরে ক্ষমা চাইলেন শিক্ষার্থী
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার সাহার সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠার পর তাঁর পা ধরে ক্ষমা চেয়েছেন এক শিক্ষার্থী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে অধ্যক্ষের কাছে ক্ষমা চাওয়ার আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষের কক্ষে গিয়ে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
ভিডিওতে ওই শিক্ষার্থীকে বলতে শোনা যায়, ‘গতকালের বিষয়টি নিয়ে আমরা সবাই অনেক উত্তেজিত ছিলাম। আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারিনি। আপনি আমাদের পিতার মতো। সব আন্দোলনকারীর পক্ষ থেকে আমি আপনার কাছে মাফ চাচ্ছি।’ এ কথা বলার পর তিনি অধ্যক্ষের পা ধরে ক্ষমা চান।
এ সময় অধ্যক্ষ তপন কুমার সাহা বলেন, ‘তোমরা সবাই আমার সন্তানের মতো। আমার সন্তান তোমাদের চেয়ে অন্তত পাঁচ-ছয় বছরের বড়। সন্তান অনেক সময় বাবা-মায়ের কাছে ভুল-ভ্রান্তি করে ফেলে। তোমাদের আমি ক্ষমা করে দিয়েছি। তোমরা ক্লাসে ফিরে যাও, ক্লাস করো।’
এর আগে এ ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে অনেকেই অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের খারাপ আচরণের নিন্দা জানান। তাঁদের পোস্টে অধ্যাপক তপন কুমার সাহাকে সৎ, আদর্শবান ও ভদ্র শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়। অনেকে লেখেন, শিক্ষার্থীরা তাঁকে পছন্দ করেন এবং তাঁর মতো ভালো ও ভদ্র শিক্ষক খুব কমই দেখা যায়।