EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ পিএম

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা ‘আওয়ামী সন্ত্রাস’। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, জাতীয় পুনর্মিলনের উদ্যোগ সফল করতে হলে গুরুতর ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার হতে হবে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের পক্ষ থেকে অনুতাপের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং দলটি নানা সংকট তৈরির চেষ্টা করছে।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর ড. ইউনূস রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন—এ কারণে তাঁকে হেনস্তার চেষ্টা করা হয়েছে বলে তিনি মনে করেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের আচরণের চেষ্টা হয়েছে বলে জানান তিনি।

ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষমা চাওয়া বা অনুতাপ প্রকাশের পরিবর্তে হুমকি দেওয়া এবং সহিংসতায় উসকানি দেওয়ার চেষ্টা চলছে বলে তাঁর অভিযোগ। এ পরিস্থিতিতে জাতীয় পুনর্মিলনের সম্ভাবনা দেখছেন না তিনি।

তিনি আরও বলেন, ড. ইউনূস, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং অভিনেত্রী বাঁধনকে হেনস্তার চেষ্টাকে কোনো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বিচ্ছিন্ন তৎপরতা হিসেবে দেখার সুযোগ নেই। এসব ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে কয়েকজন এগিয়ে গিয়ে উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়।

ভিডিওতে বিক্ষোভকারীদের ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তুলতে এবং পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে স্লোগান দিতে দেখা যায়। পরে এক সহযোগীর সহায়তায় সামনে এগিয়ে যান ড. ইউনূস।

আরও পড়ুন