রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর সংস্কার প্রয়োজন: ডেপুটি স্পিকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতন্ত্র, সিভিল প্রশাসন ও প্রকৌশল বিভাগসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরৎ উৎসব ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য সরকার প্রণোদনা দিলেও আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্যের কারণে তা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায় না। সরকারি সেবা ও সহায়তা কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দিতে প্রশাসনিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন।
নতুন বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান কায়সার কামাল। তিনি বলেন, দেশ গঠনে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
