নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে লক্ষ্য করে ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ স্লোগান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ এএম
ছবি: ভিডিও থেকে নেওয়া।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে পৌঁছানোর পর কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড. ইউনূসকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’—এ ধরনের স্লোগান দেন উপস্থিত কয়েকজন।
ভিডিওতে দেখা যায়, এ সময় নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের ভাষ্য অনুযায়ী, ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান।
তবে এ ঘটনায় মন্তব্যকারীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
