EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ১০ হাজার বিজিবি

১৬ থেকে ২২ অক্টোবর সারা দেশে ২ হাজার ৭২৭ পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেবে বিজিবি, দুর্গম এলাকায় থাকবে অস্থায়ী ক্যাম্প...

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ এএম

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ১০ হাজার বিজিবি

ছবি: সংগৃহীত

অ অ

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন তারা। বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হতে পারে, সেজন্য বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মূল অংশের মধ্যে রয়েছে নিয়মিত টহল, কঠোর গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয়। বিশেষ করে সম্ভাব্য ঝুঁকি আগে থেকেই চিহ্নিত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানি রোধে সতর্ক নজর রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ আরও জানান, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাসহ দেশের মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে সরাসরি নিরাপত্তা সহায়তা দেবে বিজিবি। এছাড়া দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত টহল ও জরুরি সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ঢাকায় বিজিবি মোতায়েন ও দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে নির্ধারিত হবে। প্রয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিজিবি প্রস্তুত থাকবে।

বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রকাশ। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন সম্পূর্ণ নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দের সঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিতে বিজিবি সর্বাত্মকভাবে কাজ করবে।

আরও পড়ুন