EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে অবৈধ কারেন্ট জাল জব্দ, ৩ জেলেকে ২১ হাজার টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

লক্ষ্মীপুরে অবৈধ কারেন্ট জাল জব্দ, ৩ জেলেকে ২১ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় মৎস্য সংরক্ষণ আইনে তিন জেলেকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে দুই ক্যারেট ছোট ইলিশ জব্দ করা হয়েছিল। তবে পরবর্তীতে মাছগুলো তিনটি মাদ্রাসা ও এতিমখানা এবং জেলা শিশু পরিবারে বিতরণ করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) রাত থেকে পরদিন সকাল পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ডের লক্ষ্মীপুরের সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকর করতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়। এ সময় মৎস্য সংরক্ষণ আইনে তিন জেলেকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জব্দ করা দুই ক্যারেট ছোট ইলিশ তিনটি মাদ্রাসা ও এতিমখানা এবং জেলা শিশু পরিবারে বিতরণ করা হয়।

অন্যদিকে, পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জনস্বার্থে এবং মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন