EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কন্যাশিশুর শিক্ষা দয়া নয়, মৌলিক অধিকার: রাষ্ট্রপতি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম

কন্যাশিশুর শিক্ষা দয়া নয়, মৌলিক অধিকার: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

অ অ

কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কন্যাশিশুর শিক্ষা কোনো দয়া নয়, এটি তার মৌলিক অধিকার। আর তাদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুর জন্ম মানেই নতুন স্বপ্ন, আগামী দিনের সম্ভাবনা এবং একজন গর্বিত নাগরিকের আগমন। নারী ও কন্যাশিশুকে পিছিয়ে রেখে কোনো সমাজ বা জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই তাদের শিক্ষা, দক্ষতা ও মেধা বিকাশের সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

চলতি বছরের প্রতিপাদ্য ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাল্যবিয়ে একটি শিশুর শৈশব থামিয়ে দেয় এবং তার সম্ভাবনা নষ্ট করে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। যেকোনো বিপদে দ্রুত সহায়তা পেতে ১০৯, ১০৯৮ ও ৯৯৯ নম্বরের হেল্পলাইন সম্পর্কে সচেতনতা বাড়ানোরও আহ্বান জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুকে বোঝা মনে না করে তাদের শিক্ষা ও কল্যাণে বিনিয়োগ করতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ দিতে হবে। একই সঙ্গে কন্যাশিশুর প্রতি অবহেলা দূর করতে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

কন্যাশিশুদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। অন্যায় বা নির্যাতনের শিকার হলে নীরব না থেকে বিশ্বস্ত অভিভাবক, শিক্ষক কিংবা হেল্পলাইনের সহায়তা নিতে হবে।

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সচিব এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন