রিয়াদ বিমানবন্দরে হুথির হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণের দাবি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তাঁরা বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো বেসামরিক স্থাপনায় হামলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও মানবিক মূল্যবোধের লঙ্ঘন। নিরীহ মানুষের ওপর হামলা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে বলেও মন্তব্য করেন তাঁরা।
হেফাজত নেতারা নিহত দুই বাংলাদেশিসহ সব ভুক্তভোগীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে নিহতদের পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়। আহতদের বিনামূল্যে উন্নত চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার দাবিও জানায় সংগঠনটি।
নিহত বাংলাদেশিদের পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা অথবা সৌদি আরবেই যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা করার আহ্বান জানান হেফাজত নেতারা। একই সঙ্গে নিহতদের পরিবার যেন আইনগত পাওনা ও ক্ষতিপূরণ পায়, সে জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তাঁরা।
বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা বন্ধ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপও দাবি করেন হেফাজত নেতারা।
