রাতের আগুনে ছাই ৩০ ঝুটের গোডাউন, নিঃস্ব অনেক ব্যবসায়ী
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম
ছবি: ডেইলি সান
নারায়ণগঞ্জ জেলা কারাগারের পেছনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুট কাপড়ের গোডাউন পুড়ে গেছে। এতে কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক ব্যবসায়ী। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
রবিবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে কারাগারের পেছনে বিলাশনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক ইমরান হোসেন জহির, সোহেল ও শ্রমিকেরা জানান, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় একের পর এক গোডাউন পুড়ে যায়।
তারা জানান, অধিকাংশ গোডাউনেই ২০ লাখ টাকার বেশি মূল্যের ঝুট কাপড় ছিল। সব মিলিয়ে প্রায় ৩০টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ঋণ নিয়ে তিনি একটি গোডাউন ভাড়া নিয়েছিলেন। সেখানে প্রায় ১০ লাখ টাকার থান কাপড় মজুত ছিল। এ ছাড়া গোডাউনের ক্যাশ বাক্সে ৪০ থেকে ৫০ হাজার টাকা, গত তিন বছরের হিসাবের খাতা এবং মাল কেনার চালান রাখা ছিল। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।