৭০ পদের দায়িত্ব ১০ জনের কাঁধে, ধুঁকছে বরিশালের ফেরি সেবা
প্রায় ৮৬ শতাংশ পদ শূন্য, শীত ও উৎসবে সেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: ডেইলি সান
জনবল সংকটে ধুঁকছে বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ফেরি সেবা। অনুমোদিত ৭০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১০ জন। শূন্য রয়েছে ৬০টি পদ। অর্থাৎ ফেরি বিভাগের প্রায় ৮৬ শতাংশ পদই খালি। এত কম জনবল দিয়ে ফেরি পরিচালনা, কারিগরি তদারকি, মেরামত ও রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজ চালাতে হচ্ছে। এতে দুর্ঘটনাকবলিত ফেরি মেরামত করে পুনরায় সচল করতে বেশি সময় লাগছে। ফলে মাঝেমধ্যে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল ও যাত্রীসেবা। আসন্ন শীত মৌসুমে ঘন কুয়াশা এবং ঈদসহ বিভিন্ন উৎসবে যানবাহনের বাড়তি চাপের কারণে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
সওজের তথ্য অনুযায়ী, ফেরি বিভাগের মূল অংশে ১২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র তিনজন। শূন্য রয়েছে নয়টি পদ। অন্যদিকে, ফেরি উপবিভাগে ৫৮টি পদের বিপরীতে কর্মরত আছেন সাতজন। সেখানে শূন্য পদের সংখ্যা ৫১।
কারিগরি ও মাঠপর্যায়ের পদগুলোতে জনবল সংকট সবচেয়ে বেশি। আটটি ভারী যানবাহনের চালক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। ছয়টি সহকারী মেকানিক পদের মধ্যে কর্মরত আছেন একজন। এ ছাড়া সহকারী ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার, পেইন্টার ও হেলপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদও শূন্য রয়েছে।
ফেরির নিয়মিত রক্ষণাবেক্ষণ, যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং দ্রুত মেরামতের জন্য দক্ষ জনবল প্রয়োজন। কিন্তু অনুমোদিত ৭০টি পদের বিপরীতে মাত্র ১০ জনকে দিয়ে কার্যক্রম চালানোয় কর্মরতদের ওপর বাড়তি দায়িত্বের চাপ তৈরি হয়েছে। সাময়িকভাবে কিছু লোকের সহায়তায় কাজের চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হলেও তা পর্যাপ্ত নয়।
বরিশালের বিভিন্ন নদীপথে যাতায়াতের জন্য ফেরির ওপর নির্ভরশীল বিপুলসংখ্যক মানুষ। এসব পথে যাত্রীদের পাশাপাশি কৃষিপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে ফেরি সেবায় জনবল সংকট শুধু দাপ্তরিক কার্যক্রমেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনেও।
বিশেষ করে ঈদ ও বিভিন্ন উৎসবে যানবাহনের চাপ বাড়লে ফেরি চলাচল স্বাভাবিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে নদীপথে ফেরি চলাচলে সতর্কতা বাড়াতে হয়। এ সময় কোনো ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা দ্রুত মেরামত করে সচল করতে না পারায় ভোগান্তি বাড়তে পারে।
এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ এহ্তে শামূল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া, দুর্ঘটনা কিংবা অন্য কোনো কারণে ফেরিতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে জনবল সংকটের কারণে সেটি পুনরায় সচল করতে বেগ পেতে হয়। এতে মেরামত ও স্বাভাবিক চলাচল শুরু করতে বেশি সময় লাগে। ফলে মাঝেমধ্যে কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হয়। সীমিত জনবল দিয়েই তাদের সেবা সচল রাখতে হচ্ছে।