দুর্গাপূজায় ঘরমুখী যাত্রীদের স্বস্তি দিতে চলবে বিশেষ ট্রেন
পাঁচ ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম
পূজা উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ছবি: সংগৃহীত
আসন্ন দুর্গাপূজায় ঘরমুখী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বাড়তি যাত্রীচাপ সামাল দিতে পাঁচটি আন্তঃনগর ট্রেনের ছুটি (অফ-ডে) প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, চট্টগ্রাম-ঢাকা রুটে ২০ অক্টোবর চলবে ‘ঢাকা স্পেশাল-৩’। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২’। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চলবে ‘চট্টগ্রাম স্পেশাল-৪’।
যাত্রীর চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের অফ ডে প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ ডে থাকছে না।
বাড়তি যাত্রীচাহিদা মেটাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনও সরবরাহ করা হবে। সময়ানুবর্তিতা রক্ষায় গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তারা নিবিড় তদারকি করবেন।
নিরাপত্তা নিশ্চিতে ট্র্যাক ও ব্রিজে পেট্রোলিং থাকবে। সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের বিশেষ পরিচর্যা করা হবে। দুর্ঘটনা মোকাবিলায় রিলিফ ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবির পাহারা জোরদার করা হয়েছে। কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেরিয়াল ডিউটি নিশ্চিত করা হবে।