রূপপুরে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ সরবরাহ নভেম্বরে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৩৪ মিনিটে এ প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারমাণবিক বিক্রিয়া শুরুর পর কেন্দ্রের সব প্যারামিটার বা পরিমাপ নির্ধারিত মাত্রায় রয়েছে। এ নিয়ে বিকিরণজনিত ভয়ের কোনো কারণ নেই।
এর আগে গত ৮ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)।
রাশিয়ার সহযোগিতায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা হয়েছে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ প্রযুক্তির রিঅ্যাক্টর। প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু হলেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য আরও কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে।
বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে নভেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী ফকির মাহবুব আনাম।
পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। এ পর্যায়ে প্রথমে বিক্রিয়ার অবস্থা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যক্রম পরীক্ষা করা হবে। এরপর ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদনের ধাপগুলো শেষ হলে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রিঅ্যাক্টরের ভেতরে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হওয়ার অবস্থাকে ‘ক্রিটিক্যালিটি’ বলা হয়। এ অবস্থায় পৌঁছানোর পরও সরাসরি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় না। এর আগে রিঅ্যাক্টর ও সংশ্লিষ্ট ব্যবস্থার কার্যক্রম ধাপে ধাপে পরীক্ষা করা হয়।
