EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৪ মূল্যস্তরের আড়ালে ১২ দামে ৫৩ ব্র্যান্ডের সিগারেট

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পিএম

৪ মূল্যস্তরের আড়ালে ১২ দামে ৫৩ ব্র্যান্ডের সিগারেট

ছবি: সংগৃহীত

অ অ

সরকার নির্ধারিত চারটি মূল্যস্তরের আড়ালে ১২টি ভিন্ন দামে ৫৩ ব্র্যান্ডের সিগারেট বিক্রি হচ্ছে। শুধু সর্বনিম্ন মূল্যস্তরেই আটটি ভিন্ন দামের সিগারেট রয়েছে। এ স্তরের সবচেয়ে দামি ব্র্যান্ডের দাম ৯০ টাকা, যা পরের স্তরের নির্ধারিত দাম ৯২ টাকার কাছাকাছি।

দেশের আটটি বিভাগীয় শহরের ৮০ জন খুচরা বিক্রেতার ওপর জরিপটি পরিচালনা করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। ২০২৬ সালের সেপ্টেম্বরে এ জরিপ চালানো হয়।

জরিপে দেখা গেছে, প্রতিটি মূল্যস্তরের সঙ্গে ‘তদূর্ধ্ব’ শব্দটি থাকায় কোম্পানিগুলো নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করতে পারছে। যেমন, সর্বনিম্ন স্তরে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ নির্ধারণ করায় কোম্পানিগুলো ৬৫ থেকে ৯১ টাকা পর্যন্ত বিভিন্ন দামে সিগারেট বিক্রি করতে পারছে। ফলে দাম বাড়লেও ক্রেতারা কমদামি ব্র্যান্ড বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

তামাকবিরোধীদের দাবি, সিগারেটের চারটি মূল্যস্তর কমিয়ে একটিতে নামিয়ে আনতে হবে। এতে দাম বাড়লে কমদামি ব্র্যান্ড বেছে নেওয়ার সুযোগ কমবে। ফলে তরুণ ও কম আয়ের মানুষের মধ্যে ধূমপানের প্রবণতা কমতে পারে।

জরিপে সুপারিশ করা হয়েছে, প্রতিটি মূল্যস্তর থেকে ‘তদূর্ধ্ব’ শব্দটি বাদ দিয়ে নির্দিষ্ট দাম ঠিক করতে হবে। পাশাপাশি ধাপে ধাপে চারটি মূল্যস্তর কমিয়ে একটিতে আনতে হবে। এতে সিগারেটের দাম বাড়ানোর মাধ্যমে ব্যবহার কমানোর উদ্যোগ আরও কার্যকর হবে।

আরও পড়ুন