EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ২ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার বিদ্যুৎ বিল আত্মসাতের অভিযোগ

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম

ঠাকুরগাঁওয়ে ২ কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকার বিদ্যুৎ বিল আত্মসাতের অভিযোগ

অভিযুক্ত ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী মাসুদ রানা ও গোলাম কাদের। ছবি: সংগৃহীত

অ অ

শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকার বিদ্যুৎ বিল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারীর বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ প্রতি মাসে ওই দুই কর্মচারীর কাছে বিদ্যুৎ বিল পরিশোধ করলেও কারও কয়েক মাস, আবার কারও বছরব্যাপি বিল বকেয়া রয়েছে।

ঘটনার পর থেকে ওই দুই কর্মচারী মাসুদ রানা ও গোলাম কাদের গা ঢাকা দিয়েছেন। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ বলছেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন তারা। ইতোমধ্যে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।

জানা গেছে,  ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে শতাধিক বাড়িতে রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগ। এসব বাড়ির বিদ্যুৎ বিল লেখার দায়িত্বে ছিলেন অভিযুক্ত দুই কর্মচারী। তারা দুজনেই ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডারের দায়িত্বে রয়েছেন।

প্রতিমাসে ওই শতাধিক বাড়ির মালিকদের কাছ থেকে প্রতিমাসের বিদ্যুৎ বিল উত্তোলন করতেন মাসুদ রানা ও গোলাম কাদের। কিন্তু চলতি মাসে গ্রাহকদের হাতে বিদ্যুৎ বিল আসলে দেখা যায়- এসব গ্রাহকরা কেউ কয়েক মাস অথবা কেউ কয়েক বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। অথচ তারা নিয়মিতই বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন।

এদিকে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বিষয়টির সুরাহা চেয়ে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কাছে বারবার অভিযোগ করেও কোনো সমাধান পাচ্ছেন না তারা।

তারা জানান, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার মাসুদ রানা ও গোলাম কাদের প্রতিমাসে তাদের কাছ থেকে বিদ্যুৎ বিল আদায় করেছেন। অথচ চলতি মাসের বিদ্যুৎ বিলে উল্লেখ রয়েছে তারা বিল পরিশোধ করেননি। এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন তারা।

এ ব্যাপারে অভিযুক্ত দুইজনের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খান বলেন, গ্রাহকদের কাছে থেকে বিদ্যুৎ বিল হাতিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবেন। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

আরও পড়ুন